বিভিন্ন দাবিতে রোববার সড়ক অবরোধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তরসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

এদিকে হল উদ্ধার সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আগামী রোববার সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে পরিষদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা ১১টার দিকে ক্যাম্পাসের শহীদ রফিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ঘুরে দুপুর ১২টার দিকে আবার রফিক ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ও শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সদস্য সচিব এম আই শিশির বলেন, দাবি আদায়ে প্রায় দেড় মাস ধরে লাগাতার আন্দোলন করে আসছে হল উদ্ধার সংগ্রাম পরিষদ। কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না সরকার। তাই দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে সংগ্রাম পরিষদ।

সমাবেশে সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সংগ্রাম পরিষদের সদস্য সচিব সিরাজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা ও ক্যাম্পাস থেকে তাঁকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। আর এতে প্রশাসনকে সহযোগিতা করছে শিক্ষকদের একটি অংশ। তাই সিরাজুলের বিরুদ্ধে মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আগামী রোববার সড়ক অবরোধ করবেন শিক্ষার্থীরা।