বিভিন্ন দাবিতে শিক্ষা দিবস পালিত
জাতীয় শিক্ষানীতি-২০১০ দ্রুত বাস্তবায়ন এবং বেদখল হওয়া ঢাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর জমি রক্ষাসহ বিভিন্ন দাবি জানানোর মধ্য দিয়ে গতকাল বুধবার পালিত হয়েছে শিক্ষা দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষক ও ছাত্রসংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক কর্মসূচি থেকে এসব দাবি করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে শিক্ষানীতি দ্রুত বাস্তবায়ন, বেসরকারি শিক্ষকদের চাকরির বয়স ৬৫ বছর করাসহ সাত দফা দাবি জানিয়েছে। সমিতির সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহাসহ কয়েকজন শিক্ষকনেতা। পরে একটি শোভাযাত্রা বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে। এই আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পাশাপাশি ঢাকা মহানগর শাখার উদ্যোগে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ‘শিক্ষার্থীবন্ধন’ করে। এর মধ্যে বেইলি রোডে ভেঙে ফেলা সামাজিক শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত ‘শিক্ষার্থীবন্ধন’ থেকে বক্তারা বলেন, বেদখল হওয়া বিদ্যালয়গুলোর জমি উদ্ধারে সরকার যদি ইতিবাচক ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে ছাত্র ধর্মঘটসহ সর্বাত্মক ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষার্থীবন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সভাপতি বিধান বিশ্বাস।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ ছয় দফা দাবি জানানো হয়। জাসদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে।
১৯৬২ সালের এদিনে তৎকালীন সরকারের ঘোষিত শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে কয়েকজন ছাত্র মারা যান। এর পর থেকে দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হচ্ছে।