বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকৃতকার্য বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবিতে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ল্যাব, ডেন্টাল ও ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরা গতকাল সোমবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেছেন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে দুই ব্যাচের প্রায় ৬০ জন শিক্ষার্থী এ ধর্মঘট শুরু করেন।শিক্ষার্থীরা জানান, ল্যাব, ডেন্টাল ও ফিজিওথেরাপি বিভাগগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে রয়েছে। একই বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদেও রয়েছে। ঢাকার শিক্ষার্থীরা যেসব বিষয়ে অকৃতকার্য হন, সেসব বিষয়ে চার মাস পরপর পরীক্ষা দিতে পারেন। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতায় যেসব শিক্ষার্থী ল্যাব, ডেন্টাল ও ফিজিওথেরাপি বিভাগে পড়াশোনা করেন, তাঁদের দুটি বিষয়ের বেশি অকৃতকার্য হলেই সব বিষয়ে আবার পরীক্ষা দিতে হয়। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইএইচটির ল্যাব, ডেন্টাল ও ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছেন। এ নিয়ম সংশোধন করে এক দেশে একই নিয়ম বাস্তবায়ন করারও দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।ছাত্র আন্দোলন পরিষদের সভাপতি একরামুল হক জানান, তাঁরা চার মাস ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন সৈয়দ গোলাম কিবরিয়া বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম স্বতন্ত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোনো অধ্যাদেশ অনুযায়ী চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশটি নতুন এবং সময়োপযোগী। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবর্তন করলে হয়তো এ রকমই করবে। তার পরেও শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের দুটি সভায় আলোচনা হয়েছে। আরও দুটি সভা হবে। তার পরে একাডেমিক কাউন্সিলের সভায় তা পাস করাতে হবে। এতে সময় লাগবে। তা ছাড়া শিক্ষার্থীদের বুঝতে হবে, তারা এই পরীক্ষা-পদ্ধতি মেনে নিয়েই এখানে ভর্তি হয়েছিল। তারা তো ঢাকায় ভর্তি হয়নি।’