বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের খাগাইন এলাকায় অবস্থিত সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গতকাল সোমবার বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। বিক্ষোভের কারণে সাত দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সাভার থানা পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী তাহেরা আমিনের বাবা রাজধানীর পপুলার হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে তাহেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। কিন্তু ছুটি মঞ্জুর করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হওয়ার আগেই তাঁর বাবা মারা যান। এ খবর ছড়িয়ে পড়ার পর গতকাল সোমবার সকালে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করতে করতে ক্যাম্পাসের বাইরে গিয়ে মিছিল করেন। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে মানববন্ধন করে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।শিক্ষার্থীরা মানববন্ধন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স সার্ভিস, চিকিৎসক নিয়োগ, মানসম্মত খাবার পরিবেশন, লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা করা ও বিছানার ভাড়া কমানোর পাশাপাশি পিতৃহারা শিক্ষার্থীর টিউশন ফি মওকুফের দাবি জানান। খবর পেয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মকবুল হোসেন বেলা দুইটার দিকে ক্যাম্পাসে যান। এ সময় স্থানীয় সাংবাদিকেরা ছবি তুলতে গেলে তিনি সময় টেলিভিশনের সাভার প্রতিনিধির ক্যামেরা ছিনিয়ে নিয়ে মেমোরি কার্ড রেখে ক্যামেরা ফেরত দিয়ে দেন। কিছুক্ষণ পর মেমোরি কার্ড থেকে সব ছবি মুছে মেমোরি কার্ডটিও ফেরত দিয়ে দেন তিনি। এরপর চেয়ারম্যান মকবুল হোসেন শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে অধিকাংশ দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভ বন্ধ করেন। শিক্ষার্থীরা জানান, চাহিদামতো টাকা পরিশোধ করার পরও তাঁদের অনেক সমস্যা ছিল। এসব সমস্যা সমাধানে বারবার দাবি জানানোর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকাল তাঁরা আন্দোলনে নামেন। পরিচয় না দিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, শিক্ষার্থী ছাত্রী হওয়ার কারণে তাঁর ছুটি মঞ্জুর করায় কিছুটা বিলম্ব হয়। শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর ব্যাপারে তাঁরা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো পূরণের চেষ্টা চলছিল। এর পরও শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে অধিকাংশ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।