ময়মনসিংহের ত্রিশালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন একদল শিক্ষার্থী। তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হল ও প্রশাসনিক ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।জানা যায়, এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে। শ্রেণীকক্ষের অভাবে নিয়মিত ক্লাস হয় না। পর্যাপ্ত হোস্টেল না থাকায় শিক্ষার্থীদের বেশি টাকা দিয়ে মেসে থাকতে হচ্ছে। পরিবহনের অভাবে পাবলিক বাসে দ্বিগুণ ভাড়া দিয়ে ক্যাম্পাসে যাতায়াত করতে হয়। এসব সমস্যা সমাধান করতে গতকাল দুপুর ১২টার দিকে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করেন। এ সময় তাঁরা নতুন হল ও প্রশাসনিক ভবন তৈরি করে বঙ্গবন্ধু, তাঁর স্ত্রী ও প্রধানমন্ত্রীর নামে সেগুলোর নামকরণের দাবি জানান। সঠিক সময়ে দাবি আদায় না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন।