বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বিভাগ দুটিতে বিভক্ত করার প্রতিবাদে এবং আবাসিক হলে খাবারের মান, চিকিৎসাব্যবস্থার উন্নয়নসহ নানামুখী দাবিতে গতকাল বুধবার সকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাঁদের দাবি, প্রশাসনের অবহেলার কারণে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বাইরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে অবস্থান নেন। সেখানে শিক্ষার্থীরা মহাসড়কের ওপর বেঞ্চ ফেলে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট পর শিক্ষকেরা এসে তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হন। শিক্ষার্থীরা বিক্ষোভ বন্ধ করলে ৩০ মিনিট পর আবার সড়কে যান চলাচল শুরু হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ভূগোল পরিবেশ ও নগর-পরিকল্পনা নামে একটি বিভাগ চালু করা হয়। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত এভাবেই এই বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু হঠাৎ করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলতি শিক্ষাবর্ষ থেকে বিভাগটি আলাদা করে ভূগোল ও পরিবেশ এবং নগর ও পরিকল্পনা নামে নতুন দুটি বিভাগ চালু করেছে। কিন্তু গত শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নতুন করে বিভক্ত দুটি বিভাগের একটিতেও স্থানান্তর করা হয়নি। ওই বিভাগে কোনো ক্লাসও করানো হচ্ছে না। ফলে অসহায় হয়ে পড়েছেন ভর্তি হওয়া ১৫০ জন শিক্ষার্থী।
এ প্রসঙ্গে ওই বিভাগের সহকারী অধ্যাপক রাহীদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনক্রমে নতুন বিভাগ চালু করা হয়েছে। বিগত শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যে বিভাগের অধীনে ভর্তি হয়েছিলেন, সেই বিভাগ থেকেই সনদপত্র পাবেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে তাঁদের জন্য একটি নতুন ছাত্রাবাস চালু করা হলেও সেখানে খাবারের মান খুব খারাপ। কয়েক দিন খাবারে পোকা পাওয়া গেছে। এ ছাড়া নতুন ছাত্রাবাসে প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগে কোনো চিকিৎসা সরঞ্জাম নেই। দুজন চিকিৎসক থাকলেও ঠিকমতো আসেন না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবারের জন্য সরকারি কোনো ভর্তুকি নেই। ফলে স্বল্প খরচে খাবারের ব্যবস্থা করায় মান একটু খারাপ হতে পারে। তবে চিকিৎসকেরা আসেন না, এটা ঠিক নয়। বিদ্যুৎ সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়টি পল্লী বিদ্যুতের আওতাভুক্ত। ফলে কিছুটা বিদ্যুৎ বিভ্রাট রয়েছে। তবে বিষয়টি নিয়ে আমরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আশা করছি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’