বিভিন্ন দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বৃদ্ধিসহ আরও কয়েকটি দাবিতে গতকাল শনিবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ডেল্টা স্পিনিং মিলের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। তাঁরা কারখানায় ভাঙচুর করেন এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।
উপজেলার কলতাপাড়া বাজারে ডেল্টা স্পিনিং মিলের অবস্থান। শ্রমিকেরা জানান, কারখানার তিনটি পালায় প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। দুই বছর ধরে তাঁরা বেতন বৃদ্ধিসহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা, মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ এবং শ্রমিকদের সঙ্গে কর্মকর্তা ও মালিকপক্ষের অসৌজন্যমূলক আচরণ বন্ধের দাবি জানিয়ে আসছেন। গত বুধবার মালিকপক্ষের বরাত দিয়ে কর্মকর্তারা জানিয়েছিলেন, শনিবার দাবিগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু কোনো সিদ্ধান্ত না হওয়ায় আন্দোলন শুরু করেন প্রায় পাঁচ শ শ্রমিক। তাঁরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে নেমে আসেন।
পুলিশ জানায়, শ্রমিকেরা বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁদের ছোড়া ইটের আঘাতে কারখানার জানালার কাচ ভেঙে যায়। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাড়ে চারটায় কারখানার মালিকপক্ষের প্রতিনিধিরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। প্রায় দেড় ঘণ্টা আলোচনার পর সন্ধ্যা ছয়টার দিকে মালিকপক্ষ শ্রমিকদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেয় এবং শ্রমিকেরা কাজে যোগ দেন।
ডেল্টা স্পিনিং মিলের ব্যবস্থাপক (প্রশাসন) হাসান মুন্সী বলেন, মালিকপক্ষ আগামী ১ আগস্ট থেকে শ্রমিকদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে।