বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ আদিবাসীদের
নির্যাতন, অপহরণ, ধর্ষণ, উচ্ছেদ, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং আদিবাসীদের জানমাল ও সম্পদ রক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ী-আমনুরা সড়কের সাধুর মোড়ে জাতীয় আদিবাসী পরিষদ সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে রাজশাহীর গোদাগাড়ী, তানোর, দুর্গাপুর, পবা, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর উপজেলার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন। ব্যানার, তীর-ধনুক, মাদল-নাগড়াসহ আদিবাসীরা এ সড়কে অবস্থান নেন। অবরোধের কারণে গোদাগাড়ী-আমনুরা, গোদাগাড়ী-কাকনহাট সড়কে যানচলাচল বন্ধ ছিল। এ সময় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন মুণ্ডা প্রমুখ। বক্তারা বলেন, সামপ্রতিক সময়ে একশ্রেণীর ভূমিদস্যু ও সন্ত্রাসীরা বরেন্দ্র অঞ্চলের আদিবাসী গ্রামগুলোয় নতুন করে তাদের ওপর নির্যাতন, হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, অপহরণ, উচ্ছেদ ও মিথ্যা মামলা করে সন্ত্রস্ত করে তুলেছেন। পুলিশ ও স্থানীয় ভূমি অফিসের অসৎ কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় আদিবাসীদের হয়রানি করা হচ্ছে। অবরোধ কর্মসূচি থেকে ছয় দফা দাবি তোলা হয়। এসব দাবিতে আগামী ২৮ মার্চ গোদাগাড়ী, ৪ এপ্রিল তানোর, ১০ এপ্রিল পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।