বিভিন্ন দেশের কারাগারে আটক ২০৬১ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে দুই হাজার ৬১ জন বাংলাদেশি আটক আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আটক সৌদি আরবে। গতকাল শনিবার জাতীয় সংসদে সাংসদ নাজিমউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা বলেন। এর আগে বিকেল সাড়ে পাঁচটায় এক দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বাজেট আলোচনার জন্য প্রশ্নোত্তরপর্ব টেবিলে উপস্থাপিত হয়। মন্ত্রী জানান, বিভিন্ন দেশের কারাগারে আটক বাংলাদেশিদের মধ্যে বাহরাইনে ১২ জন, ব্রুনাইতে দুইজন, মিসরে সাতজন, আলজেরিয়ায় ২৩ জন, সাইপ্রাসে ২৪ জন, ইরানে ৪৩ জন, জাপানে সাতজন, জর্ডানে ১৯ জন, সিরিয়ায় একজন, মিয়ানমারে ৭৬ জন, ওমানে ১৬১ জন, সিঙ্গাপুরে ১৮০ জন, তুরস্কে ২৩ জন, আজারবাইজানে তিনজন, চীনে আটজন, ভারতে ১৮৯ জন, যুক্তরাজ্যে ১৮৮ জন এবং সৌদি আরবে এক হাজার ৪৬ জন।মমতাজ বেগমের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশ্বের বিভিন্ন দেশে ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে বর্তমানে দুইজন কর্মরত রয়েছেন।আগ্নেয়াস্ত্র নীতিমালা সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার বর্তমান নীতিমালা সংশোধন করা হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যুর প্রক্রিয়া আরও সহজ এবং যোগ্যদের সহজে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করতেই এই নীতি সংশোধন করা হবে। তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।গিয়াসউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা বা ট্যাক্সি-ক্যাব ব্যবহার করে ছিনতাইরোধে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্টের মাধ্যমে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সিএনজি, অটোরিকশা ও ট্যাক্সি-ক্যাবের ড্রাইভারদের নির্দিষ্ট পোশাক ও ছবিসহ পরিচয়পত্র না থাকলে তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।