বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্রসহ যেসব দেশের আগ্রহ রয়েছে, সেসব দেশের সঙ্গে ভারত এখানকার চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন গতকাল শনিবার সকালে রাজধানীর সবুজবাগে আন্তর্জাতিক বৌদ্ধবিহারে একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
পঙ্কজ সরন বলেন, ‘বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আগ্রহী বিভিন্ন দেশের সঙ্গে আমরা আলোচনা করছি। এ বিষয়ে আমরা মার্কিন সরকারের সঙ্গেও আলোচনা করেছি।’ তবে বাংলাদেশ নিয়ে মার্কিন সরকারের সঙ্গে কোন পর্যায়ে আলোচনা হয়েছে—এ নিয়ে মন্তব্য করতে অপারগতা জানান ভারতীয় হাইকমিশনার।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তাঁর বাসায় দেখা করেন। ওই বৈঠকের বিষয়ে জানতে চাইলে পঙ্কজ সরন বলেন, বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে জানাতে তিনি এসেছিলেন।
পঙ্কজ সরন এদিন ধর্মরাজিক বৌদ্ধবিহারে ভারতের অর্থায়নে ডাইনিং হল কাম লাইব্রেরি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।