বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাবিষয়ক উপসহকারী মন্ত্রী জেমস এ শিয়ার বলেছেন, বিশ্বব্যাপী কাঙ্ক্ষিত শান্তি ও সমৃদ্ধি অর্জনের জন্য বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বৃহত্তর সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও সহযোগিতা অব্যাহত থাকবে। জেমস এ শিয়ার গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া তাঁর নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল গতকাল ঢাকার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শন করে। প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় জেমস শিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।এ ছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিদর্শনকালে জেমস শিয়ার ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সে অংশগ্রহণকারীসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। শিয়ার বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের ওপর জোর দেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অর্জনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর কলেজ প্রাঙ্গণে প্রতিনিধিদলকে স্বাগত জানান।