বিভিন্ন পণ্যের সংকট, দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিভিন্ন প্রযুক্তিপণ্যের দাম দুই-তিন গুণ করে বেড়ে গেছে। আবার কোনো কোনো পণ্য বাজারে পাওয়াই যাচ্ছে না। টানা হরতাল-অবরোধের কারণে ঢাকা থেকে নিয়মিত পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
চট্টগ্রাম নগরের ও আর নিজাম রোড, ওয়াসার মোড়, চৌমুহনী, আগ্রাবাদ, পাহাড়তলী সিডিএ মার্কেট প্রভৃতি এলাকার প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠানগুলোয় খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া যায়। বর্তমানে ইউএসবি হার্ডডিস্ক, র‌্যাম, মাদারবোর্ড, পেনড্রাইভ, ইউপিএস, স্ট্যাবিলাইজার ইত্যাদি পণ্যের দাম বেড়ে গেছে। এর মধ্যে হাতে গোনা কয়েকটি দোকান ছাড়া ইউএসবি হার্ডডিস্ক পাাওয়া যাচ্ছে না কোথাও।
নগরের ওয়াসার মোড় এলাকার রিশিত কম্পিউটারস লিমিটেডের ব্যবস্থাপক জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হরতাল-অবরোধের কারণে ঢাকা থেকে বিভিন্ন প্রযুক্তিপণ্য আসতে পারছে না বলেই সংকট দেখা দিয়েছে। এখন প্রতিটি পণ্যের দাম আগের তুলনায় ২০০ থেকে ৩০০ টাকা করে বেড়ে গেছে। কারণ, আমাদেরই বেশি দামে কিনতে হচ্ছে।’
জানা গেছে, আট গিগাবাইট (জিবি) পেনড্রাইভ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকা করে। অথচ সপ্তাহ খানেকে আগে বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৪০০ টাকায়। পাঁচ হাজার ৬০০ টাকার এক টেরাবাইট ইউএসবি হার্ডডিস্ক বিক্রি হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার ২০০ টাকায়। এক হাজার ৪০০ টাকার র‌্যাম বিক্রি হচ্ছে এক হাজার ৯০০ টাকায়। তবে ইউএসবি হার্ডডিস্ক নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। কারণ, সরবরাহ না থাকায় এটি দুষ্প্রাপ্য হয়ে গেছে।
নগরের ও আর নিজাম রোডের ইউনুস্কো সেন্টারের প্রযুক্তিপণ্য বিপণিকেন্দ্র জননী কম্পিউটারসের আবদুল মতিন বলেন, ‘আমাদের কাছে কোনো ইউএসবি হার্ডডিস্ক নেই। সরবরাহ-সংকটের কারণে আমরা বিপাকে পড়েছি।’
নগরের চৌমুহনী এলাকার বৃহৎ প্রযুক্তিপণ্য বিপণনপ্রতিষ্ঠান কম্পিউটার ভিলেজের ব্যবস্থাপক শামসুদ্দীন চৌধুরী বলেন, ‘এমনিতে বেচাবিক্রি কম। এ অবস্থায় দাম বাড়ানো হলে ক্রেতা হারাতে হবে। আবার চলমান পরিস্থিতিতে দাম না বাড়িয়েও পারব না। এখনো আমরা আগের সামান্য মজুত থেকে পণ্য বিক্রি করছি। কিন্তু বেশিদিন তা সম্ভব হবে না। পণ্য পরিবহন-সমস্যার কারণে বর্তমানে গ্রাহকদের অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ সম্ভব হচ্ছে না।’