কক্সবাজারের টেকনাফে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির বিভিন্ন প্রকল্প থেকে কোটি টাকা লুটে নেওয়ার অভিযোগ করছেন উপজেলা চেয়ারম্যান ও প্রকল্প কমিটির উপদেষ্টা শফিক মিয়া।গতকাল সন্ধ্যায় উপজেলা পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শফিক মিয়া এ অভিযোগ করেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।উপজেলা চেয়ারম্যান অভিযোগ করেন, প্রকল্পের কাজ না করেই প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন প্রকল্প কর্মকর্তা, তদারকি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, ইউপি সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমনকি অতিদরিদ্রদের কর্মসংস্থান প্রকল্পের ২০-২৫ ভাগ কাজ করেই সব টাকা আত্মসাৎ করা হয়েছে।শফিক মিয়া বলেন, প্রকল্প কর্মকর্তা ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের কাজের অগ্রগতি সম্পর্কে জানানোর তাগাদা দিলেও তাঁরা তা তোয়াক্কা করছেন না। গত ১২ নভেম্বর সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের কাজের অগ্রগতি ও শ্রমিকের উপস্থিতির বিষয়ে প্রতিবেদন চেয়ে চিঠি দিলে এর জবাব তাঁরা দেননি।উপজেলা চেয়ারম্যান বলেন, গত ১৯ ডিসেম্বর উপজেলা প্রকল্পের সদস্যসচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে বিভিন্ন অনিয়মের বিষয়ে তিনি চিঠি পাঠান। এতে সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, সরকারি বিধি অনুযায়ী প্রকল্প বরাদ্দের আগে সংশ্লিষ্ট কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও এ নিয়ে কোনো ধরনের সভা হয়নি। প্রকল্পের অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের বিষয়ে ব্যবস্থা নিতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানাবেন।২০১০-১১ অর্থবছরে টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়নে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় এক কোটি ৬৫ লাখ ৩৪ হাজার টাকার ২৩টি প্রকল্প হাতে নেওয়া হয়।