বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মান বজায় রেখে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি এসব প্রকল্পের স্থাপত্যশৈলী বজায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন।গতকাল বৃহস্পতিবার বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি কবীর আহমেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবদুল কাদের চৌধুরীর নেতৃত্বে ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে শেখ হাসিনা চট্টগ্রাম আদালত ভবনের নির্মাণকাজ ও স্থাপত্যশৈলীর প্রশংসা করেন। তিনি নির্মাণকাজের মান আরও বাড়ানোর জন্য নানা দিকনির্দেশনা দেন। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশ ও জলবায়ুর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য সংশিষ্টদের প্রতি আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি ভবন নির্মাণে নির্মাণ-নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেন।প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি একনেকের বৈঠকে প্রকল্পের কাজের অগ্রগতি বিবেচনায় নিয়ে টাকা ছাড় করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া প্রতি ছয় মাস পর পর বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হবে। ফলে এসব প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে।সাক্ষাৎকালে পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নেতারা তাঁদের সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বাসস।