বিভিন্ন প্রজাতির তিন হাজার পাখি উদ্ধার
বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকায় আবদুল জলিল নামের এক ব্যক্তির বাড়ি থেকে বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা বিভিন্ন ধরনের তিন হাজারের বেশি বন্য পাখি উদ্ধার করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এসব পাখি পূর্ব সুন্দরবনের করমজল এলাকায় অবমুক্ত করা হয়।
উদ্ধার করা এসব পাখির মধ্যে আড়াই হাজারের বেশি মুনিয়া এবং বেশ কিছু টিয়া ও ঘুঘু রয়েছে। তবে অভিযানের সময় কোনো শিকারি বা বিক্রেতাকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গোয়েন্দা শাখার পরিদর্শক অসীম মল্লিক বলেন, ‘গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা আবদুল জলিলের বাড়িতে অভিযান চালাই। তাঁর বাড়ির একটি ঘরে মশারি ও খাঁচার ভেতরে আটকে রাখা অবস্থায় আমরা পাখিগুলো উদ্ধার করি। আমাদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
অসীম মল্লিক আরও বলেন, রুহুল আমিন নামের এক ব্যক্তি প্রায় এক বছর আগে আবদুল জলিলের ওই ঘর ভাড়া নিয়েছিলেন। তিনি সুন্দরবন থেকে এসব পাখি ধরে আনা একটি চক্রের সঙ্গে জড়িত। চক্রটি দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে পাখি শিকার করে দেশের বাজারে বিক্রি করে আসছে। চক্রটিকে ধরতে অভিযান অব্যাহত থাকবে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, ‘সুন্দরবনের গহিনে মুনিয়া, টিয়া ও ঘুঘু পাখির বিচরণক্ষেত্র রয়েছে। চোরা শিকারিরা এসব পাখি শিকার করায় দিন দিন তা কমে যাচ্ছে। আমরা এ ধরনের চক্র শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে চেষ্টা করছি।’