কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেমিস্টার ফি কমানোসহ চার দফা দাবিতে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। পরে প্রশাসনিক ভবন ঘেরাও করে সমাবেশ করেন তাঁরা।বিশ্ববিদ্যালয় সূত্র ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সেমিস্টার ফি ও মান উন্নয়ন পরীক্ষার ফি কমানো এবং যানবাহন ও আবাসিক হলে আসন বাড়ানোর দাবিতে ২ মার্চ শিক্ষার্থীরা উপাচার্য সৈয়দ গিয়াস উদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি দেন। কিন্তু এ ব্যাপারে প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় গতকাল শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা প্রশাসনিক ভবন ঘেরাও করে নানা স্লোগান দিতে থাকেন। পরে সেখানেই সমাবেশ করেন।পরিস্থিতি স্বাভাবিক করতে উপাচার্য গিয়াস উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠক করেন। বৈঠকে উপাচার্য অর্থ কমিটির সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা ওই আশ্বাস উপেক্ষা করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।