বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবরোধ, মানববন্ধন
সরকারি চাকরি থেকে কোটাপ্রথা প্রত্যাহার ও ৩৪তম বিসিএসের ফল বাতিলের দাবিতে ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, অবস্থান ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী পরীক্ষার্থীরা।
ঢাকার অদূরে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার কোটাবিরোধী এসব কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সকালে পৌনে এক ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে প্রতীকী অবরোধ করেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন তিন শতাধিক শিক্ষার্থী। এ সময় তাঁরা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর পৌনে ১২টার দিকে প্রতীকী অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর খণ্ড খণ্ড মিছিল সমাবেশ করেন। আগামী শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটাবিরোধী বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ৩৪তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁদের একাংশ গতকাল বিকেলে একটি কমিটি গঠন করেন। ওই কমিটির পক্ষ থেকে আজকের প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়। আজকের আন্দোলনে বিসিএস পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন বলে জানা গেছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
একই দাবিতে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে জনাপঞ্চাশেক শিক্ষার্থী জড়ো হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। বেলা পৌনে একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছেন। তাঁরা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
সব ধরনের সরকারি চাকরি থেকে কোটাপ্রথা প্রত্যাহার ও ৩৪তম বিসিএসের ফলাফল বাতিলের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
আজ বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। দাবি মানা না হলে লাগাতার অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে তারা মহাসড়ক অবরোধ করেন। এ সময় কয়েক শ শিক্ষার্থী সড়ক অবরোধ করে সব ধরনের কোটা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন।
বেলা সাড়ে ১১টার দিকে অবরোধকারীরা মিছিল নিয়ে প্রধান ফটক থেকে বিনোদপুর বাজার প্রদক্ষিণ করে আবারও প্রধান ফটকে এসে অবরোধে বসেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করার আহ্বান জানান।
বেলা সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ চলে। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও ক্লাস-পরীক্ষা বর্জন। দাবি মানা না হলে রোববার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকালে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছেন আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এ সময় সরকারি চাকরি থেকে কোটাপ্রথা বাতিল ও ৩৪তম বিসিএসের ফল বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা।