বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধীদের অবরোধ, বিক্ষোভ
বিসিএসসহ সব সরকারি নিয়োগ পরীক্ষায় কোটা-পদ্ধতি বাতিলসহ পাঁচ দফা দাবিতে আজ রোববার অবরোধ-বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে কোটা-পদ্ধতি সংস্কারের দাবিতে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল কয়েকটি ছাত্রসংগঠন।
আন্দোলনকারীদের অন্য দাবিগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের করা মামলা প্রত্যাহার; পুলিশ এ পর্যন্ত যাঁদের আটক ও গ্রেপ্তার করেছে, তাঁদের নিঃশর্ত মুক্তি; শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের হামলার তদন্তপূর্বক বিচার এবং কোটা বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা না দেওয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, ধর্মঘট ডেকে আন্দোলনকারীদের মাঠে দেখা না গেলেও সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগার, কলাভবনে প্রক্টরের কার্যালয় ও উপাচার্যের কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাঙে। এদিকে, ‘ওয়াশিংটন টাইমস’-এ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লেখা নিবন্ধের কারণে বাংলাদেশের জিএসপি বাতিল হয়েছে অভিযোগ করে ছাত্রলীগ আজ ক্যাম্পাসে শো ডাউন করেছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, মূলত ধর্মঘট প্রতিহত করতেই মাঠ দখলে রেখেছে ছাত্রলীগ।
এদিকে, কোটা-পদ্ধতি সংস্কারের দাবিতে ও আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দুপুর ১২টার দিকে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট মিছিল বের করে। দুপুর সাড়ে ১২টার দিকে একই দাবিতে প্রগতিশীল ছাত্রজোট মধুর ক্যানটিন থেকে মিছিল বের করে। মিছিল শেষে তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশ করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, তাঁদের দাবি আদায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ বেলা ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তাঁরা কাল থেকে অবরোধ-বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, শিক্ষার্থীদের যেকোনো শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধা সৃষ্টি না করে তাঁদের সহযোগিতা করবে। তবে বিশৃঙ্খলা হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ক্যাম্পাস থেকে শিক্ষার্থী পরিবহনের কোনো বাস বের হতে দেননি। সিলেট শহর থেকে আসা শিক্ষার্থীদেরও ক্যাম্পাসে ঢুকতে বাধা দেন তাঁরা। এ কারণে আজ বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি।