বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস।রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রলীগ, গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস), মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। শোক দিবসের আলোচনা সভায় অংশ নেন উপাচার্য এম আবদুস সোবহান, সহ-উপাচার্য এম নুরুল্লাহ্, এ বি এম হোসেন, এম আবদুর রহমান প্রমুখ।সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির প্রতিযোগিতার উদ্বোধন করেন। বেলা ১১টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বর থেকে শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এসে শেষ হয়। পরে উপাচার্য হলের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিনের নেতৃত্বে শোকযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শাহ আজিজুর রহমান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন উপাচার্য এম আলাউদ্দিন, সহ-উপাচার্য কামাল উদ্দিন প্রমুখ।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকাল সাতটায় কোরআনখানি ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে উপাচার্যের নেতৃত্বে একটি শোকযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। উপস্থিত ছিলেন উপাচার্য মোহাম্মদ সবদার আলী, অধ্যাপক মোহাম্মদ খসরু মিয়া প্রমুখ। এ ছাড়া ক্যাম্পাসে জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকাল নয়টার দিকে উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডলের নেতৃত্বে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শোকযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। এ ছাড়া আলোচনা সভা এবং সব মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করা হয়।