চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গ্রন্থাগারিক মো. আবুল হোসেন শেখের বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি। পৃথক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়।বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।সংগঠনগুলোর নেতারা গ্রন্থাগারিকের আপত্তিকর বক্তব্যের জন্য সুষ্ঠু বিচার দাবি করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।প্রসঙ্গত, চুয়েটের গ্রন্থাগারে কর্তব্যরত সাংবাদিকদের সাংবাদিক পরিচয় দেওয়া যাবে না বলে নির্দেশ দেন গ্রন্থাগারিক মো. আবুল হোসেন শেখ। গত সোমবার সংবাদ সংগ্রহ করতে গেলে তিনজন সাংবাদিকের সঙ্গে তিনি এমন আচরণ করেন। এ কারণে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।