বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট নাগরিকেরাসহ বিভিন্ন দল ও সংগঠন। সবাই অবিলম্বে আবু বকরকে সুস্থ অবস্থায় উদ্ধার ও অপহরণকারী চক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে এ দাবি জানানো হয়।
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন যৌথ বিবৃতিতে বলেন, ‘আবু বকর অপহরণের ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন। সারা দেশে যেভাবে গুম-খুনের ঘটনা চলছে, তাতে জনগণের উৎকণ্ঠা বেড়েই চলেছে।’
পৃথক বিবৃতিতে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, এ ঘটনায় জনমনে সংশয় ও আতঙ্কের সৃষ্টি হচ্ছে। তিনি আবু বকর সিদ্দিককে সুস্থ অবস্থায় খুঁজে বের করে পরিবারের কাছে হস্তান্তর এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের কাছে দাবি জানান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথ বিবৃতিতে বলেছে, আবু বকর অপহরণের দায় সরকার এড়াতে পারে না।
আবু বকরকে দ্রুত সুস্থভাবে উদ্ধারের জন্য সব ধরনের প্রশাসনিক শক্তি প্রয়োগ করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি এম হাফিজ উদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, মানুষের জন্য ফাউন্ডেশন, গণতান্ত্রিক বাম মোর্চা ও শ্রমিক নিরাপত্তা ফোরাম।
সমাবেশ: আবু বকরকে অপহরণের প্রতিবাদে ও তাঁকে দ্রুত উদ্ধারের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে ‘লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মী-শিক্ষক-শিক্ষার্থী-রাজনৈতিক কর্মী-পেশাজীবীবৃন্দ’। সমাবেশে সংহতি জানান অধ্যাপক আহমেদ কামাল, অধ্যাপক আনু মুহাম্মদ, ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নুরুল কবির প্রমুখ।