বিভিন্ন মসজিদে অভিন্ন খুতবা অনুসরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো ‘কোরআন মজিদ এবং সুন্নাহর মর্যাদা ও গুরুত্ব’ শীর্ষক খুতবাটি গতকাল শুক্রবার ঢাকায় বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে পড়ার পাশাপাশি এ বিষয়ে আলোচনা করেছেন খতিবেরা। তবে সব মসজিদে অভিন্ন খুতবা অনুসরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
গত বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন পবিত্র কোরআন শরিফ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ সম্পর্কে একটি খুতবা তৈরি করে গণমাধ্যমে পাঠায়। তারা খুতবাটি অনুসরণ করতে দেশের সব মসজিদের ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ জানায়। এর আগেও জুমায় ‘অশান্তি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’ শিরোনামে একটি খুতবা পাঠিয়ে ইমামদের অনুসরণ করতে বলেছিল ফাউন্ডেশন।
সব মসজিদে অভিন্ন খুতবা পড়া নিয়ে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামি সংগঠন ও দল তীব্র প্রতিক্রিয়া জানায়।
‘খুতবা নির্দিষ্টকরণ ইসলামি জনতা মানবে না’: গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চরমোনাইর পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সভায় খুতবা নির্দিষ্ট করার কড়া সমালোচনা করা হয়।
সভায় দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেন, মসজিদের খুতবা নির্দিষ্ট করা ও ইমামদের নজরদারির নামে খবরদারি করা ইসলামি জনতা মেনে নেবে না। মসজিদে নজরদারির অর্থই হলো সেখান থেকে সন্ত্রাস তৈরি হয়। এ ধরনের চিন্তা আওয়ামী লীগের জন্য সুখকর হবে না।
ফয়জুল করীম সরকারের এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বলেন, ‘মসজিদ থেকে সৎ, আল্লাহভীরু ও সত্যিকার দেশপ্রেমিক নাগরিক তৈরি হয়। তাই এ ধরনের সিদ্ধান্ত বাতিল করে সন্ত্রাস ও চরমপন্থা কঠোর হস্তে দমন করুন, তাতে আমরাও সহযোগিতা করব।’