বিভিন্ন মামলায় জড়ানোর ভয় দেখিয়ে অরূপের অর্থ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের স্ত্রীসহ একই ঘরের চারজন হত্যা মামলার তদন্ত জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক অরূপ তরফদারকে প্রত্যাহার করার পর পুলিশের উচ্চপর্যায়ের নির্দেশে ডিবিতে হস্তান্তর করা হয়।

চার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক শামীম রেজার মৃত্যুর পর পরিদর্শক অরূপ তরফদারের অর্থ আদায়ের আরও ঘটনা বেরিয়ে আসছে। শুধু চার হত্যা মামলায় নয়, বিভিন্ন ঘটনায় থানায় দায়ের হওয়া মামলায় তিনি লোকজনকে ধরে বাসায় আটকে নির্যাতন করে অর্থ আদায় করতেন।

পুলিশের নির্যাতনে শামীমের মৃত্যুর অভিযোগে গত রোববার অরূপ তরফদার ও উপপরিদর্শক (এসআই) পল্টু ঘোষকে প্রত্যাহার করা হয়। গতকাল সোমবার প্রত্যাহার করা হয় সহকারী পুলিশ সুপার (এএসপি-বি সার্কেল) উত্তম প্রসাদকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। 

তিন পুলিশ কর্তকর্তাকে প্রত্যাহারের পর গতকাল পুলিশের উচ্চপর্যায়ের নির্দেশে মামলা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম নিশ্চিত করেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশে চার খুনের মামলাটি গতকাল জেলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, চার খুনের ঘটনায় সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৫ জন যুবককে আটক করে নির্যাতনের মাধ্যমে অর্থ আদায় করা হয়। এ ছাড়া গত ৬ মে হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের পর সোনারগাঁ থানায় দায়ের করা ছয়টি মামলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতা-কর্মী ও হেফাজতের কর্মীদের আটক করে বিপুল অর্থ আদায় করা হয়।

সূত্র জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের বিএনপির কর্মী মোখলেস মিয়াকে চার দিন আটকে রেখে তাঁর পরিবারের কাছ থেকে ছয় লাখ টাকা, জামপুর গ্রামের ব্যবসায়ী মোফাজ্জল আহমেঞ্চদের কাছ থেকে সাত লাখ, বারদী গ্রামের আবদুল গনি মিয়ার কাছ থেকে দুই লাখ ও হাবিবপুর গ্রামের ব্যবসায়ী মো. আলমের কাছ থেকে ১৫ লাখ টাকা আদায় করা হয়।

ভুক্তভোগী এই চারজন গতকাল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, অরূপ তাঁদের বাসায় আটকে নির্যাতন এবং ৬ মে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁদের কাছ থেকে অরূপ অর্থ আদায় করেন। তাঁরা জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

পুলিশ সদর দপ্তর থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) খন্দকার গোলাম ফারুক প্রথম আলোকে জানান, ‘পরিদর্শকের বাসায় আটকে নির্যাতন করে অনেকের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ সম্পর্কে আমরা কিছু জেনেছি। এসব অভিযোগ নিয়ে আমরা তদন্ত শুরু করেছি।’ তিনি বলেন, শামীমকে নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এএসপি উত্তম প্রসাদকে গতকাল প্রত্যাহার করা হয়েছে। এদিকে শামীমকে নির্যাতন করে হত্যার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের ফাঁসির দাবিতে গতকাল পঞ্চম দিনের মতো প্রতাপের চর এলাকায় বিক্ষোভ করেছে এলাকাবাসী।