বিভিন্ন শহরে ভারতের ভিসা ক্যাম্প হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, দ্রুত ও সহজে ভারতের ভিসা পেতে বাংলাদেশের অন্যান্য শহরেও ‘ঈদ ভিসা ক্যাম্প’ করা হবে। গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠকের বিষয়ে জানান। হাইকমিশনার শ্রিংলা ঈদ ভিসা ক্যাম্পের কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বলেন, আগামী ঈদের আগে ভিসা দিতে ঢাকায় প্রথমবারের মতো ভিসা ক্যাম্প করা হয়েছে। ক্যাম্পের প্রথম দিনেই ছয় হাজার ভিসা ইস্যু করা হয়েছে। ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয় বলে তিনি রাষ্ট্রপতিকে জানান।

বৈঠকে হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে আগরতলা-আখাউড়া রেললাইন নির্মাণ করা হচ্ছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দুই দেশের মধ্যে যোগাযোগ উন্নয়নের উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের যোগাযোগ বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।