বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের ডাকা রাজপথ অবরোধ কর্মসূচির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠেয় আজ রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগেও ৪ ডিসেম্বর জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এতে করে পরীক্ষার সময়সূচি ওলট-পালট করতে হয়েছে। পরীক্ষার মধ্যে এ রকম কর্মসূচি দেওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠেয় আজ রোববারের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য পরীক্ষা অপরিবর্তিত থাকবে। স্থগিত হওয়া এদিনের পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানও পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি পাস পরীক্ষা চলছে। চলমান বার্ষিক পরীক্ষাও স্থগিত করেছে বিভিন্ন বিদ্যালয়। রাজধানীর ভিকারুননিনা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম প্রথম আলোকে জানান, আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা হবে ১১ ডিসেম্বর।মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আজকের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম জানান, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর আজকের পরীক্ষাটি হবে ১১ ডিসেম্বর। আর নবম শ্রেণীর পরীক্ষা হবে ১৪ ডিসেম্বর।সরকারি বিদ্যালয়গুলো নোটিশ দিয়ে পরীক্ষা স্থগিত করেনি। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক গোকুল চন্দ্র দাস বলেন, ছাত্ররা এলে পরীক্ষা নেওয়া হবে। আর না এলে পরীক্ষা হবে না।