বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদ্যাপন
উৎসবমুখর পরিবেশে গতকাল বুধবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। এ ছাড়া দিনব্যাপী শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় পূজা উদ্যাপন কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. রুহুল আমিন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক বিকাশ চন্দ্র সরকার। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন বলরাম রায়, উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক বিধান চন্দ্র হালদার, পরীক্ষা নিয়ন্ত্রক ভবেন্দ্র কুমার বিশ্বাস, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের শিক্ষক শ্রীপতি সিকদার, পরিসংখ্যান বিভাগের শিক্ষক উত্তম কুমার মজুমদার, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক কৃষ্ণচন্দ্র রায় প্রমুখ। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া গতকাল দিনব্যাপী শহরের জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, আদর্শ ডিগ্রি কলেজ, দিনাজপুর একাডেমি, জুবিলী উচ্চবিদ্যালয়, মহারাজা গিরিজানাথ উচ্চবিদ্যালয়সহ শহরের প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যাদেবী সরস্বতীর পূজা-অর্চনা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়।