ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছে টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন সংগঠন। গত আগস্ট থেকে নভেম্বরের মধ্যে সাংসদ আমানুর রহমান খানের (রানা) তিন ভাই আত্মগোপনে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বছর খানেকের মধ্যে জেলার রাজনীতি, ব্যবসা-বাণিজ্য—সবকিছু সাংসদ আমানুর ও তাঁর ভাইদের নিয়ন্ত্রণে চলে যায়। তাঁরা একের পর এক জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক সংগঠনের শীর্ষ পদ দখল করে নেন। এর মধ্যে একমাত্র টাঙ্গাইল পৌরসভার মেয়র পদে সরাসরি ভোটে নির্বাচিত হন আমানুরের ভাই সহিদুর রহমান খান (মুক্তি)। এ ছাড়া সাংসদের ভাইয়েরা কেউ কোনো পদ নির্বাচন করে পাননি। সব দখল করেন ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায়’।
২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসার সামনে থেকে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহত ফারুকের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে মামলা করেন। গত বছরের আগস্টে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ ফারুক হত্যায় জড়িত থাকার অভিযোগে আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে বের হয়ে আসে, এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে সাংসদ আমানুর এবং তাঁর তিন ভাই—টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা) জড়িত। এর পরপরই জাহিদুর ও সানিয়াত আত্মগোপন করেন। আর গত নভেম্বরে আত্মগোপন করেন সাংসদ আমানুর ও পৌর মেয়র সহিদুর।
সহিদুর রহমান খান গত ২০ নভেম্বর পৌর পরিষদের কাছে তিন মাসের একটি ছুটির আবেদন দিয়ে আত্মগোপন করেন। তখন পৌর পরিষদ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয় প্যানেল মেয়র মানবেন্দ্র পালকে। ছুটির মেয়াদ শেষেও না ফিরে মেয়র সহিদুর আত্মগোপন অবস্থা থেকেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করে ছুটির মেয়াদ দ্বিতীয় দফায় আরও ৪৫ দিন বৃদ্ধি করেন। দ্বিতীয় দফা ছুটির মেয়াদ শেষ হয়েছে ৮ এপ্রিল। তিনি এখনো ফেরেননি বা ছুটির মেয়াদও বাড়াননি। এ ছাড়া সহিদুর টাঙ্গাইল শহর আওয়ামী লীগ এবং টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর প্রথম আলোকে বলেন, ‘অফিশিয়ালি কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি। তবে সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ খান ভারপ্রাপ্তের মতো দায়িত্ব পালন করছেন।’
জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মীর লুৎফর রহমান জানান, সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে যুগ্ম সম্পাদক উদয় লাল গৌড়কে।
জেলার সব কটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংগঠনের শীর্ষ পদ সাংসদের ভাই জাহিদুর রহমান খানের দখলে। তিনি একাধারে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি, ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী সমিতির সভাপতি, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব। আত্মগোপনে যাওয়ার পর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে আবদুস ছবুরকে। ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ওই সংগঠনের সহসভাপতি তালেবর রহমানকে। ব্যবসায়ী ঐক্যজোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহকে। বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব পদে কাউকে দায়িত্ব দেওয়া না হলেও ভারপ্রাপ্ত হিসেবে বাস অংশে রাশেদুর রহমান এবং মিনিবাস অংশে নজরুল ইসলাম দায়িত্ব পালন করছেন।
সাংসদের ছোট ভাই ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান টাঙ্গাইল রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক। তিনি আত্মগোপনে যাওয়ার পর এই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন যুগ্ম সম্পাদক সাইদুর রহমান। সানিয়াত জেলা ক্রীড়া সংস্থার সহসম্পাদক হিসেবে জেলা ক্রিকেট উপপরিষদের সাধারণ সম্পাদক। ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রে পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকলে পদ চলে যাওয়ার বিধান রয়েছে। কিন্তু ক্রীড়া সংস্থার নেতারা এ উদ্যোগ নিতে সাহস পাচ্ছেন না বলে জানিয়েছেন। এ ছাড়া বাপ্পা সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের এবং টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সহসভাপতি। তাঁর অনুপস্থিতিতে এই প্রতিষ্ঠানগুলোও নানা সংকটে পড়ছে।
সংশ্লিষ্ট সংগঠনগুলোর কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাংসদের ভাইয়েরা ক্ষমতার দাপটে পদগুলো দখল করে নিয়েছিলেন। অনেক সংগঠনের কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তার পরও তাঁরা নতুন করে নির্বাচন দিতে সাহস পাচ্ছেন না। আবার মূল পদের ব্যক্তিরা অনুপস্থিত থাকায় সংগঠন পরিচালনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ প্রসঙ্গে ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ বলেন, সাংসদ ও তাঁর ভাইয়েরা একের পর এক প্রতিষ্ঠান দখল করে তাঁদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। অবিলম্বে এই চক্রকে প্রতিষ্ঠানগুলো থেকে অপসারণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।