জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করাসংক্রান্ত হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন বাম দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল-সংক্রান্ত রায় দেওয়ার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, ‘জামায়াত যে সন্ত্রাসী সংগঠন, সেটা আবার প্রমাণ হলো। তারা যদি কোনো সহিংসতার চেষ্টা করে, তাহলে সন্ত্রাসীদের যেভাবে দমন করা হয়, তাদেরও সেভাবে দমন করা হবে।’
মাহবুব উল আলম বলেন, স্বাধীনতার বিরোধিতা করার পরও গত ৪২ বছরে তাদের মধ্যে অনুতাপ লক্ষ করা যায়নি। বরং তারা একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড করে ফ্যাসিস্ট দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। হাইকোর্টের রায়ে এটাই প্রমাণিত হয়েছে। হানিফ বলেন, ‘নির্বাচন কমিশন এখন জামায়াত নিষিদ্ধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি।’
জামায়াতের নিবন্ধন বাতিল প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ‘এটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত রায়। কারণ, তারা ছিল স্বাধীনতাবিরোধী। তারা আইন-আদালত কিছুই মানে না। সুতরাং তাদের নিষিদ্ধ করা উচিত।’
রায়কে সঠিক এবং জনগণের সংগ্রামের একটি বিজয় বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। গতকাল এক বিবৃতিতে তাঁরা বলেন, নিবন্ধন বাতিলই যথেষ্ট নয়, জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা প্রয়োজন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া ও কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল এক বিবৃতিতে জামায়াতের নিবন্ধন বাতিলের রায়ে সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান এক বিবৃতিতে জামায়াতের নিবন্ধন বাতিলের রায় দেওয়ার জন্য হাইকোর্টকে ধন্যবাদ জানিয়েছেন।
রায়কে স্বাগত জানিয়ে আরও বিবৃতি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ, সম্মিলিত সামাজিক আন্দোলন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
জামায়াতের নিবন্ধন বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে গতকাল রাত আটটায় শাহবাগে মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। শাহবাগ থেকে কাঁটাবন, হোটেল রূপসী বাংলার মোড় ঘুরে মিছিলটি শাহবাগ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের পরে এক সংক্ষিপ্ত সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জামায়াতকে নিষিদ্ধ ঘোষণার দাবি করেন।