বিভিন্ন সংগঠনের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠন। কোনো ধরনের চাপের কাছে মাথা নত না করে এ বিচার-প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার দাবি জানানো হয়েছে এসব সংগঠনের পক্ষ থেকে।গত ২৫ মার্চ ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল গঠনের মধ্য দিয়ে সরকার যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া শুরু করে।সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট এ বিচার-প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ‘যেকোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ’ থাকার আহ্বান জানিয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের শেষ দিনে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের নেতারা এ আহ্বান জানান। জাতীয় গণতান্ত্রিক লীগ সরকারকে অভিনন্দন জানিয়ে বলেছে, এ বিচারের মাধ্যমে সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মিছিল সমাবেশ করেছে পল্লবী থানা আওয়ামী লীগ। শীর্ষ যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান।বাংলাদেশ ছাত্রমৈত্রী সরকারকে অভিনন্দন জানিয়ে বলেছে, এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৯ বছর ধরে জাতির ঘাড়ে চেপে থাকা কলঙ্কের অবসান হতে চলেছে। এ বিচার-প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে ‘শিক্ষাঙ্গনে ব্রিগেড গড়ো, যুদ্ধাপরাধীদের বিচার করো’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার জাতীয় স্মৃতিসৌধে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করে সংগঠনটি।