বিভিন্ন সংগঠনের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন-পরবর্তী সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-লুটপাট-ভাঙচুর-আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে দেশের বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন। পৃথক বিবৃতিতে এই অপতৎপরতা ও সহিংসতা বন্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে সংগঠনগুলো।

গতকাল বুধবার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাঠানো এসব বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়। এ ছাড়া একাধিক সংগঠন আক্রান্তদের সাহায্যে বিভিন্ন ধরনের ত্রাণ পাঠাতে আহ্বান জানিয়েছে। কয়েকটি সংগঠন এ বিষয়ে মানববন্ধন ও মিছিল করেছে।

সেক্টরস কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১-এর ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব বিবৃতিতে বলেন, এসব হামলা পরিকল্পিত এবং দেশকে পরিপূর্ণ সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই উদ্দেশ্য। জাসদ সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া বিবৃতিতে জামায়াত-বিএনপির সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে সহিংস তৎপরতা অনভিপ্রেত ও দুঃখজনক।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলেন, সহিংসতা প্রতিরোধে সব প্রগতিশীল শক্তিকে সংঘবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সহিংসতার বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরকে কেন্দ্র করে সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রদায়িক নিপীড়নের কবলে পড়েছে বাংলাদেশ।

হামলা প্রতিরোধে ব্যর্থ সরকারের সমালোচনা করে সমাবেশ করে গণতান্ত্রিক বাম মোর্চা।

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাহবাগে মানববন্ধন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ।

এ ঘটনায় বিবৃতির মাধ্যমে আরও নিন্দা জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল, আমরা অধিকার ক্যাম্পেইন, গণ-সংস্কৃতি ফ্রন্ট, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশ তরীকত ফেডারেশন ও বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।