বিভিন্ন সংগঠনের প্রতিবাদ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানিয়ারচরে আদিবাসীদের বসতবাড়ি পুড়িয়ে দেওয়া এবং কাপ্তাইয়ে স্কুলছাত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘সচেতন ছাত্রসমাজ’-এর ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, আদিবাসীদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাঁরা এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন।
সমাবেশে বক্তব্য দেন ইচিং মারমা, মিন্টু বিকাশ ত্রিপুরা, বর্ষা চাকমা, ছাত্রফ্রন্টের চট্টগ্রাম নগর শাখার সাংগঠনিক সম্পাদক বিশু দত্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য ইউ অনে নায়াং রাখাইন প্রমুখ।
১৫ ডিসেম্বর রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী উমাচিং মারমাকে হত্যা করা হয়। এ ছাড়া ১৬ ডিসেম্বর রাঙামাটির নানিয়াচর উপজেলায় তিনটি আদিবাসী গ্রামের ৫৪টি বসতঘর ও সাতটি দোকান পুড়িয়ে দেওয়া হয়।
খাগড়াছড়িতে বিক্ষোভ: খাগড়াছড়ি প্রতিনিধি জানান, নানিয়ারচরে পাহাড়ি গ্রামে হামলা, কাপ্তাইয়ে স্কুলছাত্রী হত্যা এবং বাঙালিদের বাগান ধ্বংসের প্রতিবাদে খাগড়াছড়িতে দুটি সংগঠন পৃথক দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সকাল ১০টায় বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) শহরের শাপলা চত্বরে মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সাপ্রু মারমা, আনু মং মারমা, রিপন ত্রিপুরা, সাচিং মারমা প্রমুখ।
অপরদিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় বাঙালি মালিকানাধীন আনারস ও সেগুনবাগান ধ্বংস করার প্রতিবাদে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল করে। সমাবেশে বক্তব্য দেন তাহেরুল ইসলাম, এস এম মাসুম রানা, আফসার হোসেন প্রমুখ। বক্তারা ক্ষতিগ্রস্ত বাঙালি কৃষকদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান।
দীঘিনালায় সমাবেশ: দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, নানিয়ারচরের করুণা বনবিহারের অধ্যক্ষ ওগাসা ভিক্ষু ও দীঘিনালার কবাখালী মৈত্রী বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাথেরের ওপর হামলা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে দীঘিনালায় মৌন মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য ভিক্ষু সংঘ।
সমাবেশ শেষে পাঁচ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। গতকাল দুপুরে পার্বত্য ভিক্ষু সংঘের আয়োজনে মৌন মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেন। সত্যানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বিশুদ্ধানন্দ মহাথের, নন্দপ্রিয় থের, লোকমিত্র ভিক্ষু, চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক আনন্দ মোহন চাকমা, ইউপিডিএফর কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরা প্রমুখ।