বিভিন্ন সংগঠনের প্রতিবাদী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাতজনের অপহরণ ও হত্যার ঘটনায় একজন নিরপেক্ষ ব্যক্তির অধীনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’।
বৃহস্পতিবার সন্ধায় রাজধানীর চারটি স্থানে ও সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে এই ঘটনার প্রতিবাদে মোমবাতি প্রজ্বালন ও মানববন্ধন কর্মসূচিতে উদ্বেগ ও দাবি জানিয়েছে নাগরিকদের এই সংগঠনটি। রাজধানীর মহাখালী (আইসিডিডিআরবির সামনে), এলিফ্যান্ট রোডে সায়েন্স ল্যাবরেটরির ফুট ওভার ব্রিজের ওপরে, শাহবাগের জাতীয় জাদুঘর, ধানমন্ডি সাতমসজিদ রোড ও সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে মোমবাতি প্রজ্বালন ও মানববন্ধন করা হয়।
এসব কর্মসূচিতে অংশ নেন মানবাধিকারকর্মী হামিদা হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আইনজীবী জেড আই খান পান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার, অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকারকর্মী শিরীন হক, সারাহ হোসেন, ফ্রস্টিনা পেরেইরা, জ্যোতির্ময় বড়ুয়া, জাকির হোসেন প্রমুখ।
মহাখালীতে মানববন্ধন শেষে ইফতেখারুজ্জামান বলেন, নারায়ণগঞ্জসহ সারা দেশে যেভাবে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে, তা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। এই ঘটনার তদন্তে একজন নিরপেক্ষ ও সম্মানিত ব্যক্তিকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
নারায়ণগঞ্জে সাত ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র গভীর উদ্বেগ জানিয়ে গতকাল বিবৃতি দিয়েছে। একই সঙ্গে অতি দ্রুত জড়িত অপরাধীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং প্রতিটি নাগরিকের সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা বিধানের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সাতজনের ক্ষতবিক্ষত লাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে এটা প্রশিক্ষিত ও সংঘবদ্ধ কোনো গোষ্ঠীর কাজ। এ ধরনের অপহরণের ঘটনায় বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জসহ সারা দেশে অব্যাহত খুন, গুম, অপহরণ ও তথাকথিত বন্দুকযুদ্ধ নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া এক যুক্ত বিবৃতিতে নারায়ণগঞ্জসহ সারা দেশে অপহরণ, খুন ও গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।