তিনটি ঘটনায় ধর্মের অবমাননার অভিযোগ এনে জামায়াতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন নিন্দা, প্রতিবাদ, বিক্ষোভ ও সমাবেশ করেছে।সংগঠনগুলো আফগানিস্তানে ন্যাটো বাহিনীর পবিত্র কোরআন শরিফে অগ্নিসংযোগ, রাজধানীর উত্তরা রাজউক কলেজে বোরকার ওপর বিধিনিষেধ আরোপ ও ইউনিসেফের বিশ্ব শিশু-পরিস্থিতি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবের ‘বিসমিল্লাহ’ সম্পর্কে বিতর্কিত বক্তব্যকে ধর্মের অবমাননা হিসেবে আখ্যায়িত করেছে।এর প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন ঢাকায় বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পুরানা পল্টনের হাউস বিল্ডিংয়ের গলি থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব এলাকায় গিয়ে শেষ হয়। তার আগে হাউস বিল্ডিংয়ের গলিতে সমাবেশ হয়।সমাবেশে ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ বলেন, ইসলাম ও মানবতার দুশমন ন্যাটো বাহিনী কোরআন শরিফে আগুন দিয়ে সারা বিশ্বে অশান্তির দাবানল জ্বালিয়ে দিয়েছে। এই খোদাদ্রোহী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।দলের মহাসচিব ইউনুছ আহমাদ অভিযোগ করেন, উত্তরা রাজউক কলেজে বোরকা পরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এতে বর্তমান সরকারের ইসলামি আচার-আচরণ ও পোশাক-পরিচ্ছদবিরোধী মনোভাবের নগ্ন প্রকাশ ঘটেছে।সভাপতির বক্তব্যে হেমায়েত উদ্দিন বলেন, সরকারের ইসলামবিরোধী কর্মকাণ্ডে সারা দেশে গণবিস্ফোরণের সৃষ্টি হচ্ছে।সম্মিলিত উলামা মাশায়েখ: সংগঠনের সভাপতি মুহিউদ্দীন খানসহ বিশিষ্ট আলেমেরা গতকাল এক যৌথ বিবৃতিতে ইউনিসেফের বিশ্ব শিশু-পরিস্থিতি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ‘বিসমিল্লাহ’ নিয়ে পরিকল্পনাসচিবের বক্তব্য এবং উত্তরা রাজউক কলেজে শিক্ষার্থীদের বোরকা পরা নিয়ে অধ্যক্ষের সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে এ দুই ব্যক্তির শাস্তির দাবি করেন তাঁরা।জামায়াতে ইসলামী: পৃথক বিবৃতিতে একই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খান ও সেক্রেটারি নুরুল ইসলাম।