বিভিন্ন সংগঠনের বিজয় দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, বিশেষ প্রার্থনা, দোয়া, রক্তদানসহ বিভিন্ন কর্মসূচি ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গতকাল সোমবার বিজয় দিবস উদ্যাপন করেছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জাতীয় স্মৃতিসৌধ চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত-শিবিরের সহিংস তাণ্ডব প্রতিরোধে পাড়া-মহল্লায় ব্রিগেড গড়ার আহ্বান জানান। এর আগে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বিজয় একাত্তর বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষে বেলা আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ঘৃণাস্তম্ভে রাজাকারদের প্রতি ঘৃণা ও ধিক্কার জানায়। ঘৃণাস্তম্ভের নতুন সংস্করণ উদ্বোধনের পর তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করে। এতে কমিটির সভাপতি বাসুদেব সভাপতিত্ব করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অন্যান্য আনুষ্ঠানিকতার পাশাপাশি নগরের বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় রক্ত সংগ্রহ কর্মসূচির আয়োজন করে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ট্রাকে মুক্তিযুদ্ধের গান ও গণসংগীত পরিবেশন করে। কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদ, জাকের পার্টিসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করে।