২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কোনো কোনো সংগঠন বলছে, এটি গতানুগতিক উচ্চাভিলাসী বাজেট। আবার কোনো কোনো সংগঠন বলছে, এ বাজেট গণমুখী।গত বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর গতকাল শুক্রবার বিবৃতি দিয়ে বাজেট সম্পর্কে নিজেদের অবস্থান তুলে ধরে বিভিন্ন সংগঠন।এ বাজেট মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে বলে মনে করছে নাগরিক সমাজ। গতকাল এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, প্রস্তাবিত বাজেটে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি প্রতিরোধে কোনো কার্যকর ব্যবস্থা নেই। মূল্যস্ফীতি প্রতিরোধেও কোনো পদক্ষেপ নেই।প্রাথমিক প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টি বাজেটে প্রবৃদ্ধির ঊর্ধ্বগতির ধারা অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করেছে। তবে দলটি বলেছে, মূল্যস্ফীতির চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করা হবে, সে সম্পর্কে বাজেটে সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি।ঘোষিত বাজেট রাষ্ট্র-প্রশাসন ও কর-প্রশাসনের দুর্বলতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত) এ বাজেটকে গতানুগতিক আখ্যা দিয়ে বলেছে, এটি সরকারের প্রতিশ্রুতির সঙ্গে বেমানান।তবে ন্যাশনাল আওয়ামী পার্টি (মোজাফফর) প্রস্তাবিত বাজেটকে সার্বিক অর্থে গণমুখী বলে আখ্যা দিয়েছে।প্রস্তাবিত বাজেট ধনীদের স্বার্থ রক্ষা করবে বলে মনে করেছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাসী বলে আখ্যা দিয়েছে নেজামে ইসলাম পার্টি, এ বাজেটকে চ্যালেঞ্জিং আখ্যা দিয়ে জাকের পার্টি বলেছে, মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে সরকারের নির্বাচনী ওয়াদা প্রশ্নবিদ্ধ হবে।