চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪৩ ছাত্র নিহত হওয়ার ঘটনায় বিভিন্ন দল ও সংগঠনের শোক প্রকাশ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারও বিবৃতি দিয়ে শোক ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন সংগঠন। সেই সঙ্গে ঘটনার জন্য দায়ী চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়েছে।এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, এ ঘটনায় শোক প্রকাশের কোনো ভাষা নেই। তিনি নিহত ছাত্রদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও এ ঘটনায় গভীর শোক ও নিহত ছাত্রদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।এ ঘটনায় শোক জানিয়ে গণসংহতি আন্দোলন বলেছে, এটি নিছক দুর্ঘটনা নয়, প্রকারান্তরে হত্যাকাণ্ড। যখন অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতাই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ, তখন এর দায় সরকারের ওপর বর্তায়।আইন ও সালিশ কেন্দ্র (আসক) অবিলম্বে ট্রাকের মালিককে চিহ্নিত এবং চালককে গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছে। এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মহিলা পরিষদ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, ছাত্রমৈত্রী, মহিলা আইনজীবী সমিতি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদের আত্মার মাগফেরাত কামনা করেছে। সংগঠনগুলো নিহত ছাত্রদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানায়।