বিভিন্ন সংগঠনের শোক দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযথ শোক প্রকাশ ও শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও অন্যান্য কর্মসূচি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা মহানগর আওয়ামী লীগ নগরের ২০টি থানা ও ১৭টি ইউনিয়নে কয়েক লাখ মানুষের মধ্যে খাবার বিতরণ করে। একই সঙ্গে তারা বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী কর্মসূচি তত্ত্বাবধান করেন। শোক দিবস উপলক্ষে নজরুল ইনস্টিটিউট গতকাল সকালে নিজস্ব সম্মেলনকক্ষে ‘বিদ্রোহী কবি ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এতে আলোচনা করেন ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, কথাশিল্পী রশিদ হায়দার, কবি অসীম সাহা প্রমুখ। তাঁরা বলেন, বঙ্গবন্ধু ও বিদ্রোহী কবি যে বাণী দিয়ে গেছেন, তা প্রতিরোধের ও প্রতিবাদের। স্বাধীনতাবিরোধীরা যাতে এ আদর্শের ওপর আঘাত করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শোক দিবস পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়, মহানগর সর্বজনীন পূজা কমিটি, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, আওয়ামী সমবায় লীগ, সুলতানা কামাল স্মৃতি পরিষদ, শেখ রাসেল শিশু সংসদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল)সহ অন্যান্য সংগঠন।