মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লাকে আপিল বিভাগ রায়ে ফাঁসির আদেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। গতকাল মঙ্গলবার সংগঠনগুলো পৃথক বিবৃতিতে এ সন্তোষ জানায়।
সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকার, কে এম সফিউল্লাহ, আবু ওসমান চৌধুরী ও হারুন হাবীব যৌথ বিবৃতিতে বলেন, এ রায়ের মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সে সঙ্গে দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় এ রায় অবদান রাখবে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিজ্ঞপ্তিতে বলা হয়, এ রায়ের মাধ্যমে শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে তরুণ প্রজন্মের আন্দোলনের যৌক্তিকতা প্রমাণিত হয়েছে। তাই ব্যক্তির পাশাপাশি যেসব রাজনৈতিক দল ও মহল যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বিবৃতিতে বলা হয়, এই রায়ে দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। সব যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, কাদের মোল্লার বিরুদ্ধে রায়ের মাধ্যমে দেশ ও জাতি আলোর মুখ দেখেছে। সে সঙ্গে জাতি মুক্তির পথে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ করেছেন কাদের মোল্লা। তাই স্বাধীনতার ৪২ বছর পর এসব অপরাধের বিচার হওয়ায় জাতি আজ কলঙ্কমুক্ত হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করেছে চেতনায় মুক্তিযুদ্ধ নামের একটি সংগঠন।