বিভিন্ন সুবিধা আদায়ে জালিয়াতি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনিস হাওলাদার, পিতা-জয়নুদ্দিন হাওলাদার, জন্ম-১২ ফেব্রুয়ারি ১৯৬০, ঠিকানা: ২৩/১২-ডি, পল্লবী, মিরপুর। ভোটার নিবন্ধন ফরম ও জাতীয় পরিচয়পত্রে তাঁর সম্পর্কে এ তথ্যই রয়েছে। এখন ভোটার তথ্য সংশোধনের আবেদন জানিয়ে তিনি বলেছেন, তাঁর নাম আনিসুর রহমান, পিতা-আবদুল জাব্বার, জন্ম-১ এপ্রিল ১৯৫২, ঠিকানা: ইউনিয়ন-মদাতী, উপজেলা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট। আবেদনে আরও উল্লেখ করেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। ভোটার করার সময় নির্বাচন কমিশনের (ইসি) তথ্য সংগ্রহকারীরা তাঁর সম্পর্কে ভুল তথ্য নথিবদ্ধ করেছেন। তাঁর এই আবেদনকে সত্য বলে গত ১০ মে প্রত্যয়নপত্র দিয়েছেন ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্। নির্বাচন কমিশন ভোটার তথ্যের আমূল পরিবর্তন দেখে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত গ্রহণ করে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা লালমনিরহাটের মদাতী ইউনিয়নে সরেজমিন তদন্ত চালিয়ে আনিস হাওলাদারের জালিয়াতির বিষয়টি উদ্ঘাটন করেন। লালমনিরহাটের ওই ঠিকানায় প্রকৃতই আনিসুর রহমান নামের একজন আছেন। তিনিও একজন মুক্তিযোদ্ধা। অর্থাৎ আনিস হাওলাদার মিথ্যা আবেদনের মাধ্যমে আনিসুর রহমানের পরিচয় ধারণ করতে চেয়েছেন। কমিশন ঢাকায় তদন্ত চালিয়ে উদ্ঘাটন করেছে, আনিসুর রহমানের মুক্তিযুদ্ধের সনদপত্রটি হাতিয়ে দেওয়ার জন্যই আনিস হাওলাদার এই আবেদনটি করেন। তদন্ত শেষে ভোটার তালিকা প্রকল্প থেকে এ সংক্রান্ত নথিটি কমিশনের সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে। সূত্র জানিয়েছে, কমিশন অচিরেই আনিস হাওলাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। সূত্র জানায়, এক বছর ধরে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রকল্পে এ জাতীয় ভুয়া আবেদনকারীর উপদ্রব বেড়েছে। ভোটারদের অনেকেই সংশোধনের মাধ্যমে নিজেদের প্রকৃত তথ্য মুছে ফেলে মিথ্যা পরিচয় ধারণের আবেদন জানাচ্ছেন। বিদেশে গমন, চাকরির আবেদন, মুক্তিযোদ্ধার সনদপত্র সংগ্রহ এবং বয়স্ক ভাতা ও বিধবা ভাতা আদায়ের জন্য তাঁরা প্রতারণার আশ্রয় নিচ্ছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন প্রথম আলোকে বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, চাকরি, বিদেশে গমন ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে এসব আবেদন জমা পড়ছে। বিষয়টি নিয়ে কমিশন বৈঠকে আলোচনা হয়েছে। তাই সংশোধনীসংক্রান্ত আবেদনগুলো এখন বেশ সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে। কেউ ভুয়া আবেদনকারী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা করা হবে।ভোটার তালিকা প্রকল্পের কর্মকর্তা নাহিদ পারভিন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সাধারণত কেউ সংশোধনের জন্য আবেদন করলে প্রক্রিয়া শেষ করতে ২১ দিন সময় লাগে। কিন্তু ভুয়া আবেদনকারীদের কারণে এখন সময় বেশি লেগে যাচ্ছে। একই কারণে প্রকৃত আবেদনকারী ও প্রকল্পের কর্মকর্তাদের ভোগান্তিও বেড়ে যাচ্ছে। নাহিদ পারভিন জানান, প্রতি এক হাজারের মধ্যে ১০০টি আবেদনই থাকে ভুয়া। বেশির ভাগ আবেদনই বয়স কমানো বা বাড়ানোসংক্রান্ত। তবে তাঁদের অধিকাংশকেই আবেদনের সঙ্গে মা-বাবা, ভাই-বোনদের পরিচয়পত্র সংযুক্ত করার পরামর্শ দেওয়া হলে পরবর্তী সময়ে তাঁরা আর যোগাযোগ করেন না। প্রকল্প কর্মকর্তার কার্যালয় থেকে এমন সন্দেহজনক ও ভুয়া আবেদনের আরও কিছু নমুনা পাওয়া গেছে। শাহীন আলম, পিতা-আবদুল ওয়াজেদ, মাতা-রুবিনা পারভিন, ঠিকানা: গোয়ালপাড়া, রাজশাহী সিটি করপোরেশন, জন্ম-১৬ আগস্ট ১৯৮৪। তিনি এখন সংশোধন করে হতে চান নজরুল ইসলাম, পিতা-মোজাহার আলী, মাতা-রাবেয়া বেগম, ঠিকানা: সজ্জনকান্দা, রাজবাড়ী সদর, জন্ম ২৫ মে ১৯৭৮। শাহীনের দাবি, তাঁর সম্পর্কে ভুল তথ্য নথিবদ্ধ করা হয়েছে। প্রকল্প থেকে আবেদনটি পুলিশি তদন্তে পাঠানো হয়েছে। একই রকম ফাতেমা হক নাম পরিবর্তন করে হতে চান সকিনা হক। জন্ম তারিখ ২৫ সেপ্টেম্বর ১৯৫২ পরিবর্তন করে করতে চান ২১ জুলাই ১৯৫০। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, বয়স্ক ভাতা পাওয়ার আশায় ফাতেমা হক নাম ও জন্ম তারিখ পরিবর্তন করতে চান। বিধবা ভাতা আদায়ের জন্য কেউ কেউ স্বামী মারা গেছেন বলেও আবেদন করেছেন। নিকুঞ্জবন্ধু ব্রহ্মচারী (পিতা-নবনীবন্ধু ব্রহ্মচারী) নাম পরিবর্তন করে হতে চান নির্মল বন্ধু দাস (পিতা-চণ্ডীচরণ দাস)। আদালত থেকে হলফনামা আনতে বলায় তিনি আর যোগাযোগ করেননি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এমন অনেক ভুয়া আবেদন বর্তমানে প্রকল্প কার্যালয়ে পড়ে আছে।