বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে শতাধিক বাড়ি ও ২৮ দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর, ভোলা, রাজবাড়ীর গোয়ালন্দ ও রাঙামাটির কাউখালীতে অগ্নিকাণ্ডে শতাধিক কাঁচাঘর ও ২৮টি দোকান পুড়ে গেছে। বরগুনার আমতলীতে অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে ২৩ জন আহত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: গত রোববার দিবাগত রাত সাড়ে চারটার দিকে শহরের চর কমলাপুর এলাকার খালেক মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও রান্নাঘরসহ তিনটি ঘর পুড়ে গেছে। খালেক মিয়া জানান, এর ফলে তাঁর দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। ফরিদপুর ফায়ার ব্রিগেড সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।ভোলা: চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের হাজীরহাট বাজারে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে আটজন আহত হয়েছে। বাজারের ধোপার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গোয়ালন্দ (রাজবাড়ী): শনিবার রাত ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় চৌধুরী মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কাউখালী (রাঙামাটি): রোববার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা সদরের মিনিমার্কেট পল্লিতে অগ্নিকাণ্ডে শতাধিক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় বারোটি দোকানও পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে ১৫ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। আমতলী (বরগুনা): উপজেলার পাতাকাটা গ্রামে শনিবার রাতে দিনমজুর দুলাল প্যাদার চার বছর বয়সী মেয়ে কাকলী আগুনে পুড়ে মারা গেছে। কুপি থেকে জামায় আগুন লেগে শিশুটি দগ্ধ হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।