বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান ও ৪৮টি বসতঘর পুড়ে ছাই
পটুয়াখালীর বাউফল, কুমিল্লার ব্রাহ্মণপাড়া, পঞ্চগড়ের দেবীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত তিন দিনে অগ্নিকাণ্ডে ৩৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। চট্টগ্রামের বাঁশখালীতে সোমবার ৩৮টি বসতঘর এবং নড়াইলের লোহাগড়ায় গতকাল বুধবার অগ্নিকাণ্ডে একটি আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পটুয়াখালী: বাউফল পৌর শহরের সদর রোড এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। এ ছাড়া আগুনে দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এসব প্রতিষ্ঠানের নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজনের সহায়তায় দমকল বাহিনী দুটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বাঁশখালী (চট্টগ্রাম): উপজেলার পুকুরিয়ায় গত সোমবার রাত সাড়ে ১১টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৮টি বসতবাড়ি পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ৩৮ পরিবারের শতাধিক নারী-পুরুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। নড়াইল ও লোহাগড়া: অগ্নিকাণ্ডে লোহাগড়া উপজেলার মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে গেছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকিবুল বারী লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল, লোহাগড়া পৌর মেয়র নেওয়াজ আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা বাজারের হাজি মার্কেটে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা দাবি করেছেন। খবর পেয়ে মুরাদনগর ও কসবার দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পঞ্চগড়: দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজারে মঙ্গলবার ভোর রাতে ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। পঞ্চগড় ও পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডোমার এলাকা থেকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে গতকাল অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও কসবার কুটি চৌমহনী থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় লোকজন জানায়, একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।