বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
মেহেরপুর, নাটোরের লালপুর এবং সুনামগঞ্জের দিরাইয়ে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। প্রশাসন ও প্রতিপক্ষ এসব অভিযোগ করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:মেহেরপুর: মেহেরপুর সার্কিট হাউস মিলনায়তনে গত রোববার এক সভায় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। সভায় নির্বাচনে অংশ নেওয়া সব মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ-প্রার্থীসহ নির্বা-চনসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনে জানান, মেহেরপুরে নির্বাচনী আচরণবিধি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। শহরের বিভিন্ন বাড়ি ও দোকানের দেয়ালে প্রার্থীদের পোস্টার সাঁটানো হয়েছে। এ ছাড়া রঙিন ব্যানার ব্যবহার, মোটরসাইকেলের মহড়া, এক প্রার্থীর পোস্টারের ওপর অপর প্রার্থীর পোস্টার সাঁটানো হচ্ছে।সভায় মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা হোসেন আলী খোন্দকার বলেন, পরবর্তী সময়ে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করা হবে।জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম মোটরসাইকেল ব্যবহারে প্রার্থীদের আরও সতর্ক হতে বলেন।লালপুর (নাটোর): লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার আওয়ামী লীগসমর্থিত মেয়র পদপ্রার্থী গোলাম মর্তুজা রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন। অভিযোগপত্রে তিনি বলেন, সাইফুল ইসলাম তাঁর পোস্টার, স্টিকারসহ বিভিন্ন স্থানে সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের নাম ব্যবহার করেছেন।সাইফুল ইসলাম বলেন, ‘নির্বাচনী আচরণবিধি কী, সে সম্পর্কে আমার ধারণা ছিল না। বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গেই সব পোস্টার নামিয়ে ফেলেছি।’ দিরাই (সুনাম-গঞ্জ): সুনামগঞ্জের দিরাইয়ে, মহা-জোটের মেয়র পদপ্রার্থী আজিজুর রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন বিএনপির প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী। গত রোববার দিরাই উপজেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত এক অভিযোগপত্রে ও বিকেলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। অভিযোগে মঈন উদ্দিন বলেন, প্রার্থী আজিজুর রহমান গত শনিবার রাতভর পৌর শহরের শুকুরনগর, মজলিশপুর ও ঘাগটিয়া গ্রামে জনসমাবেশ করেন। এ সময় তিনি সরকারি পুলিশ প্রটোকল ও ৩০-৪০টি মোটরসাইকেলের বহরসহ এলাকায় গণসংযোগ করেন।এ ব্যাপারে মহাজোটের প্রার্থীর মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।