বিভিন্ন স্থানে আট বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ, পিরোজপুর ও মাদারীপুরের শিবচরের আট বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। শিবচরে ডাকাতদের হামলায় একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। সিলেটের বিশ্বনাথে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: সুনামগঞ্জ: ছাতক উপজেলার এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। পালানোর সময় গ্রামবাসী এক ডাকাতকে ধরে পুলিশে দিয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার সিংছাপইড় ইউনিয়নের সরিষাপাড়া গ্রামের লন্ডনপ্রবাসী ফখরুল ইসলাম ও ছালিক মিয়ার বাড়িতে আট-দশজনের একদল ডাকাত ঢুকে পড়ে। আটক ব্যক্তির নাম মাখন মিয়া (২৮)। ডাকাতেরা পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।পিরোজপুর: কাউখালী উপজেলার বড় বিড়ালজুরী গ্রামে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, গত শুক্রবার গভীর রাতে ১৬-১৮ জনের একদল ডাকাত ওই গ্রামের ইলিয়াস হাওলাদার, জয়নাল হাওলাদার ও ইমাম হোসেনের বাড়িতে হানা দেয়। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকা লুটে নেয় তারা। শিবচর (মাদারীপুর): শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামে চার বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের দল কুপিয়ে বাবা-ছেলে ও মেয়েকে গুরুতর আহত করেছে। বাবা-ছেলেকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা হলেন শামসুদ্দিন হাওলাদার (৫১), তাঁর ছেলে শাহীন হাওলাদার (২৫) ও মেয়ে নাজমা আক্তার (২৩)। পালিয়ে যাওয়ার সময় হারুন শেখ নামের এক ডাকাতকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। বিশ্বনাথ (সিলেট): বিশ্বনাথ থানার পুলিশ গত শুক্রবার রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মুক্তিরবাজার থেকে আতাউর রহমান ওরফে আলতাব আতাই ওরফে জলিল মিয়া ওরফে সুহেল মিয়া (৩৫) নামের এক ডাকাতকে আটক করেছে। তিনি সিলেট সদর উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা হয়েছে।