বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক আবুল কালাম আযাদকে ফাঁসির আদেশ দেওয়ার পর গতকাল সোমবার চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। অনেক স্থানে লোকজনকে মিষ্টি খাওয়ানো হয়।বিকেলে চট্টগ্রাম নগরের দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ করে নগর আওয়ামী লীগ। সমাবেশ শেষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রায় ৪১ বছর ধরে জাতি এই রায়ের অপেক্ষায় ছিল। মুক্তিযুদ্ধে স্বজনহারাদের বেদনা ও ক্ষোভ আজ কিছুটা হলেও প্রশমিত হলো। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সবার বিচার হবে। বাংলাদেশে মাটিতে যুদ্ধাপরাধীরা রেহাই পাবে না।’চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শহীদদের স্মরণ করে সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ, চট্টগ্রাম। এরপর শহীদ মিনার চত্বরে সমাবেশ করা হয়। সমাবেশে বাকি যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত শেষ করে রায় কার্যকর করার দাবি জানানো হয়।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড বিকেলে দারুল ফজল মার্কেট এলাকায় সমাবেশ করে। রায় ঘোষণার পরই নগরের জিইসি মোড় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে ছাত্রলীগ।দুপুর একটার দিকে বরিশাল নগরে পৃথক আনন্দ মিছিল করে ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ ও আওয়ামী লীগ।বিকেলে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিল বের করে জেলা আওয়ামী লীগ। মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে আনন্দ মিছিলের পর মিষ্টি বিতরণ করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও জেলা আওয়ামী লীগ।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে ছাত্রলীগ। একই সংগঠন নেত্রকোনা সরকারি কলেজ শাখা জেলা শহরে আনন্দ মিছিল বের করে। লক্ষ্মীপুর জেলা শহরে দুপুরে আনন্দ মিছিলের পর মিষ্টি বিতরণ করে জেলা আওয়ামী লীগ।সুনামগঞ্জ শহরে তাত্ক্ষণিক আনন্দ মিছিল করেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নারায়ণগঞ্জে আওয়ামী আইনজীবী পরিষদ ও শহর যুবলীগ আনন্দ মিছিল করেছে। মিছিলপূর্ব সমাবেশে বক্তারা দ্রুত যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার ও ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন, নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম এবং মানিকগঞ্জ, বরিশাল, শরীয়তপুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা, সুনামগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রতিনিধি ]