বিভিন্ন স্থানে আবারও তীব্র শীত, জনজীবন বিপর্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে দেশের বিভিন্ন স্থানে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, বিশেষ করে গরিব মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে ৬ ডিগ্রি সেলসিয়াস।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: জেলায় আবারও শীত জেঁকে বসেছে। কনকনে হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে জেলাবাসী। স্বল্প আয়ের মানুষজন শীতবস্ত্রের অভাবে খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকে পুরোনো কাপড়ের বাজার থেকে শীতবস্ত্র সংগ্রহের চেষ্টা করছেন। গত দুদিনে ঘন কুয়াশায় সূর্যের দেখা মেলেনি। বেলা ১১টা পর্যন্ত ঘন কুয়াশা থাকে। এ কারণে যানবাহনগুলোকে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। গতকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৮ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস।
উলিপুর (কুড়িগ্রাম): তীব্র শীতের জন্য জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। শীত ও ঠান্ডা আবহাওয়ায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। উমানন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম জানান, তাঁর বিদ্যালয়টি গ্রামীণ এলাকায়। এখানে নিম্ন আয়ের মানুষের সন্তানেরা লেখাপড়া করে। শীতবস্ত্রের অভাবে দুদিন ধরে অধিকাংশ শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না। এদিকে পুরোনো কাপড়ের দোকানে কেনাকাটার ভিড় জমেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত দুই দিনে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। দুই শতাধিক শিশু বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে।
আদমদীঘি (বগুড়া): নওগাঁর ধামইরহাটে তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে খেটে খাওয়া মানুষ, শিশু, বৃদ্ধ ও রোগীদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। উপজেলার সর্বত্র প্রায় এক সপ্তাহ ধরে ভোররাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। অতিরিক্ত কুয়াশায় বোরো ধানের বীজতলায় কোল্ড ইনজুরি রোগ দেখা দিয়েছে। শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় উপজেলার বিপুলসংখ্যক আদিবাসী পরিবার গরম কাপড়ের অভাবে ভোগান্তিতে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু কম্বল বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় কম।