বিভিন্ন স্থানে ইভ টিজিংয়ের দায়ে পাঁচজনের জেল
ফরিদপুর, নোয়াখালী, সাতক্ষীরা, আত্রাই ও চুয়াডাঙ্গায় ইভ টিজিংয়ের অভিযোগে সাত যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গত তিন দিনে এ দণ্ড দেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার নাজমুল হাসান ভূঁইয়াকে (২০) এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। তাঁর বাড়ি ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের মোস্তফাডাঙ্গী গ্রামে। আদালত সূত্রে জানা গেছে, এলাকার আদমপুর সাহজদ্দিন মণ্ডল উচ্চবিদ্যালয়ের এক ছাত্রী জেলা প্রশাসকের কাছে নাজমুলের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। নোয়াখালী: সেনবাগে ইমাম হোসেন (২০) নামের এক যুবককে গতকাল তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সোনাকান্দি গ্রামের ইমাম হোসেন ও তাঁর সাত-আটজন বন্ধু ছাতারপাইয়া উচ্চবিদ্যালয়ের তিন ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গতকালও তাঁরা এ কাজ করলে ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘটনাটি জানায়। প্রধান শিক্ষকের কাছ থেকে খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন পুলিশ নিয়ে সোনাকান্দি গ্রাম থেকে ইমাম হোসেনকে আটক করে।সাতক্ষীরা: কলারোয়া উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের তিন সন্তানের এক জননীকে সোনাবাড়িয়া গ্রামের ইব্রাহিম হোসেন (২৮) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গত মঙ্গলবার রাতেও তিনি ওই নারীর বাড়িতে গিয়ে তাঁকে বিরক্ত করলে গ্রামবাসী যুবককে আটক করে পুলিশে দেয়।আত্রাই (নওগাঁ): উপজেলার জাত-আমরুল খলিফাপাড়া গ্রামের মুক্তার হোসেন (২৩) পাশের বজ্রপুর গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। গত বুধবারও মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে উত্ত্যক্ত করলে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে দেয়। চুয়াডাঙ্গা: ঝিনাইদহ সদর উপজেলার বাঘডাঙ্গা গ্রামের বখাটে যুবক ফরহাদ মিয়া একই গ্রামের এক স্কুলছাত্রীকে তিন বছর ধরে উত্ত্যক্ত করে আসছিল। পরে গত মঙ্গলবার এলাকাবাসী তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালত ফরহাদ মিয়াকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।