বিভিন্ন স্থানে উন্নয়ন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা টাউন হলে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জন-সংক্রান্ত তিন দিনের উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে নগরে শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো
কুমিল্লা টাউন হলে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জন-সংক্রান্ত তিন দিনের উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে নগরে শোভাযাত্রা বের করা হয় l প্রথম আলো

দেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জন জনগণকে জানাতে ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারের লক্ষ্যে বিভিন্ন জেলা ও উপজেলায় গতকাল সোমবার শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: গতকাল বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মেলা শুরু হয়। কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান। মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আগামীকাল বুধবার ওই মেলা শেষ হবে। হোমনা উপজেলায় উন্নয়ন মেলা উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা শিল্পকলা একাডেমীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ জামিলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর: জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ মো. আতিউর রহমান। শেরপুরের জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। এতে বক্তব্য দেন হুইপ আতিউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল প্রমুখ। মেলায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৬টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

টাঙ্গাইল: জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান। উন্নয়ন মেলায় মোট ৪০টি স্টল অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আসলাম ইকবাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইউনুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ধরমপাশা(সুনামগঞ্জ): উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে উপজেলা সদরের বাজারে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা পরিষদ চত্বরে বেলা ১১টার দিকে স্থানীয় সাংসদ এবি তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।