বিভিন্ন স্থানে উন্নয়ন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্থানে গতকাল সোমবার থেকে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। এতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

যশোর টাউন হল মাঠে মেলার আয়োজন করা হয়েছে। এতে ৬০টি স্টল ও প্যাভিলিয়ন বসানো হয়েছে। বিকেলে সাংসদ কাজী নাবিল আহমেদ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক হুমায়ুন কবীর এতে সভাপতিত্ব করেন।

রাজবাড়ীরবীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে ময়দানে মেলা হচ্ছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আম্রকানন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সাংসদ কাজী কেরামত আলী, সংরক্ষিত আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসক জিনাত আরা প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের পর বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সাংসদ কাজী কেরামত আলী মেলার উদ্বোধন করেন। মেলায় ৫৬টি স্টল রয়েছে।

চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে মেলা শুরু হয়েছে। বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সলিমুল্লাহ প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, সিভিল সার্জন মুহা. ছিদ্দিকুর রহমান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ারদার। মেলার মাঠেই বিআরটিএ, পাসপোর্ট, সদর উপজেলা ও পৌর ভূমি কার্যালয় সেবা প্রদান করছে। এ ছাড়া জাতীয় মহিলা সংস্থার শীতকালীন পিঠার দোকানে নানা ধরনের পিঠা অনেককে আকৃষ্ট করে।

সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি অফিস চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সাংসদ আবদুল হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ প্রমুখ।

সকাল সাড়ে ১০টায় মাগুরার নোমানী ময়দান থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ কামরুন লায়লা, জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান প্রমুখ। পরে অতিথিরা কালেক্টরেট ময়দানে মেলার উদ্বোধন করেন। মেলায় ৬০টি স্টল রয়েছে।