বিভিন্ন স্থানে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ গতকাল রোববার ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: জেলা আওয়ামী লীগ সকাল সাতটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এ উপলক্ষে আলোচনা সভা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় স্থানীয় নেতারা বক্তব্য দেন। গোপালগঞ্জ: সকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তাঁরা ফাতিহা পাঠ করেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে স্থানীয় আওয়ামী লীগ অফিসে আবদুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। নড়াইল: জেলা আওয়ামী লীগ বিকেলে শহরে মিছিল ও সমাবেশ করে। রূপগঞ্জ যাত্রীছাউনি চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন সুবাস বোস। বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ, ছিদ্দিক আহম্মদ, মো. আলী প্রমুখ।