বিভিন্ন স্থানে কালবৈশাখীতে ১০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট, রাজশাহী ও নীলফামারীতে গত বৃহস্পতিবার কালবৈশাখীতে ১০ জন মারা গেছেন। পাবনার ঈশ্বরদীতে মাছ ধরার সময় ঝড়ে পদ্মা নদীতে পড়ে একজন নিখোঁজ রয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে বজ্রপাতে মারা গেছেন ছয়জন। ঝড়ে ঘরের চালা ও দেয়ালচাপা পড়ে দুজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ও সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঝড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
লালমনিরহাট: বৃহস্পতিবার সকালে প্রবল বৃষ্টিপাতের সময় বজ্রপাতে জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপার বাজার এলাকায় অশ্বিনী কুমার রায় (৫০), হাতীবান্ধা উপজেলার নওদাবাস গ্রামের বিষ্ণুপদ রায় (২৪), ধুবনী গ্রামের লুৎফর রহমান (৪০) ও নিজ শেখসুন্দর গ্রামের জয়নাল আবেদীন (৪২) মারা যান। নিজ শেখসুন্দর গ্রামে বজ্রপাতে আহন হন আবদুল আজিজ (৩৩), ফরিদুল ইসলাম (৩৪) ও ফজলুল হক (৩৫) নামের তিন দিনমজুর। একই দিন বিকেলে সদর উপজেলার মহেন্দ্রনগর গ্রামে ঝড়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারতী রানির (৫০) মৃত্যু হয়।
নীলফামারী: বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের মধ্য হাড়োয়া হাজীপাড়ার মাঠে বজ্রপাতে ইউনুস আলীর ছেলে কৃষক রশিদুল ইসলাম (২৮) ও ডিমলা উপজেলার ছাতুনামা চরের জাহেদ আলীর ছেলে লুৎফর রহমানের (৩৫) মৃত্যু হয়। বিকেলে কিশোরগঞ্জ উপজেলায় কালবৈশাখীতে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। শতাধিক গাছপালা উপড়ে পড়ে। কিশোরগঞ্জ উপজেলা সদরের কামারপাড়ায় বাক্কু মিয়ার ঘরের ওপর গাছ ভেঙে পড়লে তাঁর মেয়ে আরশি (১৯) ও ছেলে হূদয় (১৩) আহত হয়।
রাজশাহী: বৃহস্পতিবার রাতে ঝড়ে ঘরের চালার নিচে চাপা পড়ে মারা যান চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী আসমা খাতুন (৪০)। গোদাগাড়ী উপজেলার আমতলা গ্রামে ঝড়ের সময় দেয়াল ভেঙে পড়ে মারা যায় আবদুর রহিমের ছেলে জসিম উদ্দিন (৬)। রাজশাহী নগরের খুলিপাড়া এলাকায় ঝড়ের সময় ধুলায় চোখ বন্ধ হয়ে আবু তাহের (৬০) নামের এক ব্যক্তি ট্রাকের চাপায় মারা গেছেন।
এ ছাড়া ঝড়ের সময় বজ্রপাতে, গাছ ও ঘর চাপা পড়ে জেলায় ১১ জন গুরুতর আহত হয়েছেন। ঝড়ে নগরের ভদ্রা এলাকায় রেললাইনের ওপরে তিনটি গাছ পড়ে যাওয়ায় গতকাল শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ঝড়ে বাঘা উপজেলার চর আতারপাড়া, চকরাজাপুর ও চর কালিদাসখালী এলাকায় শতাধিক বাড়িঘর ভেঙে মানুষ গৃহহীন হয়ে পড়েছে। আমগাছের ডাল ভেঙে আমের ব্যাপক ক্ষতি হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্রচণ্ড ঝোড়ো বাতাসে বিশ্ববিদ্যালয়ের শতাধিক গাছ উপড়ে পড়ে। ২৫-৩০টি গাছের ডালপালা ভেঙে পড়ে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর, কেন্দ্রীয় মসজিদ চত্বর, প্রশাসন ভবন, অগ্রণী ব্যাংক, সিনেট ভবন, উপাচার্যের বাসভবন চত্বরসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্রীদের আবাসিক হলগুলোর সামনে শত শত বকসহ বিভিন্ন প্রজাতির পাখি মারা গেছে। ঝড়ের কারণে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন আবাসিক হলে দেখা দিয়েছে পানির সংকট।
ঈশ্বরদী (পাবনা): বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্রচণ্ড ঝড়ের সময় ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীতে মাছ ধরার সময় নৌকাসহ আমিরুল ইসলাম নামের এক জেলে উল্টে যান। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ ছাড়া উপজেলার সাহাপুর, পাকশী, ছলিমপুর, সাঁড়া ও দাশুড়িয়া ইউনিয়নে লিচু ও পেঁপের অসংখ্য বাগান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। বিধ্বস্ত হয় অর্ধশত ঘরবাড়ি।
কুষ্টিয়া: বৃহস্পতিবার রাত নয়টার দিকে কালবৈশাখী শুরু হলে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে টিন ও খড় দিয়ে তৈরি শতাধিক ঘরের চালা উড়ে যায়। এ সময় প্রচণ্ড বাতাসে একটি বাড়ির চুলার আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে ১১০টি ঘর পুড়ে যায়। এতে ২০টি গবাদিপশুর মৃত্যুসহ দেড় কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন।